জাপানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা সহযোগিতায় সমঝোতা স্মারক বাংলাদেশের

বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারে জাপানের গিফু শোতেকু গাকুয়েন বিশ্ববিদ্যালয় ও টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং গিফু শোতেকু গাকুয়েন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক সোকেন মায়ামাল।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং ভাষাগত সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এটি স্বাক্ষরিত হয়েছে।
বিদেশে দক্ষ কর্মী নিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।