বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশুদের টিকা অটিজমের কারণ, এখনো বিশ্বাস করেন প্রতি ছয়জনে একজন মার্কিন Misconceptions About Vaccines and Autism Persist Among US Adults ডেঙ্গুতে এ বছর মৃত্যু ৫২৭, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৭৮ হাজার ৩০ পেরোলেই কি নারীর সন্তান ধারণের ক্ষমতা কমে যায়? ‘সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে’, পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকি নিয়ে প্রতিমন্ত্রী যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলা, আনারকন্যা ডরিন রিমান্ডে সিঙ্গাপুরে বিমানবালার শ্লীলতাহানি, বাংলাদেশি তরুণের কারাদণ্ড গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ‘যত্ন নিতে না পারলেও প্রাণীর ক্ষতি করা থেকে বিরত থাকুন’: তারেক রহমান ‘ঢাকা দখলের হুমকি সহ্য করবে না বাংলাদেশের মানুষ’: রিজভী
  • বাংলাদেশের পাঁচ নীতিতে আপত্তি, নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

    বাংলাদেশের পাঁচ নীতিতে আপত্তি, নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এসব দেশের বিরুদ্ধে নিজস্ব শিল্পপ্রতিষ্ঠানকে অতিরিক্ত সরকারি সহায়তা দিয়ে বৈশ্বিক বাজারে অন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরির অভিযোগ তুলেছে ওয়াশিংটন।

    বাংলাদেশের ক্ষেত্রে শিল্প ও বাণিজ্যনীতির পাঁচটি বিষয়কে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে প্রস্তাবিত শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। গণশুনানি ও জনমত গ্রহণের প্রক্রিয়া শেষে আগামী বছরের জানুয়ারি থেকে তা কার্যকর হতে পারে।

    বুধবার (২৫ নভেম্বর) মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তাবের কথা জানায়।

    ওয়াশিংটনের অভিযোগ, শিল্পনীতি, উৎপাদনে প্রণোদনা, শ্রমিকদের অধিকার সুরক্ষায় দুর্বলতা, আর্থিক নীতি এবং বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে মার্কিন বাণিজ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

    ইউএসটিআরের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পাঁচটি নীতি ও কর্মকাণ্ড নিয়ে আপত্তি জানানো হয়েছে।

    শিল্পনীতি ও সম্প্রসারণ পরিকল্পনা

    বাংলাদেশের শিল্পনীতি, বিশেষ করে গুরুত্বপূর্ণ খাতের উৎপাদনশিল্প ধরে রাখা ও সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের মতে, গুরুত্বপূর্ণ শিল্পে সরকারি সহায়তা দিয়ে উৎপাদন সক্ষমতা বাড়ানোর এ ধরনের নীতি বাজারে অসম প্রতিযোগিতা এবং অতিরিক্ত উৎপাদনের ঝুঁকি তৈরি করতে পারে।

    উৎপাদন ও রপ্তানিতে প্রণোদনা

    উৎপাদন ও রপ্তানি বাড়াতে সরকার যে আর্থিক ও নীতিগত প্রণোদনা দেয়, তা নিয়েও প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, এসব সুবিধার কারণে বাংলাদেশ ও তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকেরা ন্যায্য বাণিজ্যিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

    শ্রমিকদের সুরক্ষায় ঘাটতি

    শ্রম অধিকার ও কর্মপরিবেশের বিষয়টিও যুক্তরাষ্ট্রের আপত্তির তালিকায় রয়েছে। ওয়াশিংটনের মূল্যায়ন, শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ এখনো পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না।

    আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি

    বাংলাদেশের আর্থিক খাতে সরকারের নিয়ন্ত্রণমূলক নীতি নিয়েও আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাজারের স্বাভাবিক পরিস্থিতির বাইরে গিয়ে সুদের হার নির্ধারণ, ঋণ বিতরণে হস্তক্ষেপ এবং বিনিয়োগের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপের বিষয়গুলো রয়েছে।

    অতিরিক্ত উৎপাদন ও বিদেশি বিনিয়োগ

    বিশ্ববাজারে অতিরিক্ত উৎপাদন ও উৎপাদন সক্ষমতার সমস্যা মোকাবিলায় বাংলাদেশের ব্যর্থতাকে পঞ্চম আপত্তি হিসেবে উল্লেখ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বিশেষ করে বাজারভিত্তিক নয়—এমন অর্থনীতির দেশগুলো থেকে আমদানি এবং সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) মাধ্যমে এ সমস্যা আরও বাড়ছে।

    ইউএসটিআরের দাবি, বাংলাদেশের এসব নীতি ও কর্মকাণ্ড মার্কিন বাণিজ্যের ওপর চাপ তৈরি করছে এবং দেশটির বাণিজ্যিক স্বার্থ সীমিত করছে। এর ফলে বাংলাদেশ ও তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের ব্যবসার সুযোগ কমে যাচ্ছে।

    ওয়াশিংটনের মূল্যায়নে, এসব কারণে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অ-বাজার অর্থনীতির দেশগুলোর উপকরণের ওপর নির্ভরতার কারণে মার্কিন অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকিও বাড়ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন