অন্যমনস্ক হওয়া কি খারাপ? মনোবিজ্ঞানীরা যা বলছেন

মিটিংয়ে বসে আছেন, কারও সঙ্গে কথা বলছেন কিংবা দীর্ঘ ট্রেনযাত্রায় রয়েছেন। হঠাৎ খেয়াল করলেন, মনোযোগ আর বর্তমান কাজে নেই। ভাবনায় চলে এসেছে আগামী মাসের ভ্রমণ, পুরোনো কোনো স্মৃতি কিংবা সম্পূর্ণ কাল্পনিক কোনো দৃশ্য। এমন অভিজ্ঞতা প্রায় সবারই হয়।
অনেকেই এ ধরনের অন্যমনস্কতাকে সময় নষ্ট বা অলসতা বলে মনে করেন। কিন্তু মনোবিজ্ঞানীদের মতে, মাঝেমধ্যে মন অন্যদিকে চলে যাওয়া মানুষের মস্তিষ্কের স্বাভাবিক একটি প্রক্রিয়া। এটি সব সময় ক্ষতিকর নয়; বরং কখনো কখনো সৃজনশীল চিন্তা, পরিকল্পনা ও সমস্যা সমাধানেও ভূমিকা রাখতে পারে।
তবে সব ধরনের দিবাস্বপ্ন বা অন্যমনস্কতা এক রকম নয়। কোন ধরনের চিন্তায় মন ডুবে আছে, সেটিও গুরুত্বপূর্ণ। গবেষণায় উঠে এসেছে এ বিষয়ে নানা তথ্য।
‘জোনিং আউট’ স্বাভাবিক ঘটনা
আপনার যদি মনে হয়, আপনি প্রায়ই অন্যমনস্ক হয়ে পড়েন, তাহলে জেনে রাখুন, এমন অভিজ্ঞতা শুধু আপনার একার নয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাথিউ কিলিংসওয়ার্থ ও ড্যানিয়েল গিলবার্টের একটি পরিচিত গবেষণায় ফোন অ্যাপের মাধ্যমে দিনের বিভিন্ন সময়ে হাজারো মানুষের মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়।
গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারীদের মন ৪৬ দশমিক ৯ শতাংশ সময় বর্তমান কাজের বাইরে অন্য চিন্তায় ব্যস্ত ছিল। এমনকি নির্দিষ্ট কোনো কাজ করার সময়ও অন্তত ৩০ শতাংশ ক্ষেত্রে তাঁদের মন অন্যদিকে ঘুরে বেড়িয়েছে। অর্থাৎ, জেগে থাকার সময়ের প্রায় অর্ধেকজুড়েই মানুষের চিন্তা বর্তমান কাজের বাইরে চলে যেতে পারে।
মস্তিষ্কবিষয়ক গবেষণায় এ ধরনের মানসিক অবস্থার সঙ্গে ‘ডিফল্ট মোড নেটওয়ার্ক’ (ডিএমএন) বা মস্তিষ্কের স্বাভাবিক বিশ্রামকালীন কার্যক্রমের সম্পর্ক পাওয়া গেছে। বাইরের কোনো কাজের প্রতি মনোযোগ কম থাকলে মস্তিষ্কের এই নেটওয়ার্ক সক্রিয় হয়ে ওঠে।
অন্যমনস্ক থাকলেও মস্তিষ্ক কাজ করে
‘জোনিং আউট’ মানেই মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে যাওয়া নয়। বরং এ সময় মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক বিভিন্ন স্মৃতি, অভিজ্ঞতা ও ধারণা নিয়ে কাজ করতে পারে।
গবেষণায় এই নেটওয়ার্কের সঙ্গে সৃজনশীল চিন্তার সম্পর্ক পাওয়া গেছে। এ কারণেই গোসল করা, হাঁটা কিংবা বাসন ধোয়ার মতো সাধারণ কাজের সময় হঠাৎ নতুন কোনো ধারণা মাথায় আসতে পারে। বাইরে থেকে আপনাকে অন্যমনস্ক মনে হলেও, মস্তিষ্ক তখন স্মৃতির মধ্যে সংযোগ তৈরি করতে কিংবা কোনো সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজতে ব্যস্ত থাকতে পারে।
সৃজনশীল চিন্তায় সহায়ক হতে পারে দিবাস্বপ্ন
অন্যমনস্কতা ও সৃজনশীলতার সম্পর্ক নিয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একটি গবেষণায় অংশগ্রহণকারীদের সৃজনশীল সমস্যা সমাধানের কাজ দেওয়া হয়। এরপর তাঁদের বিরতি নিতে বলা হয়।
গবেষণায় দেখা যায়, বিরতির সময় যাঁরা এমন সহজ কাজে যুক্ত ছিলেন, যাতে মনকে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর সুযোগ ছিল, তাঁরা আগে দেওয়া সমস্যাগুলোর সমাধানে তুলনামূলক ভালো করেছেন। কঠিন কাজে ব্যস্ত থাকা, শুধু বিশ্রাম নেওয়া কিংবা কোনো বিরতি না নেওয়া অংশগ্রহণকারীদের তুলনায় তাঁদের ফলাফল ভালো ছিল।
মনোবিজ্ঞানে এ প্রক্রিয়াকে বলা হয় ‘ইনকিউবেশন ইফেক্ট’ বা সুপ্ত চিন্তন প্রক্রিয়া। অর্থাৎ, কোনো সমস্যা নিয়ে সরাসরি কাজ না করলেও বিরতির সময় মস্তিষ্ক সেটি নিয়ে পরোক্ষভাবে কাজ করতে পারে। তাই কখনো জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে কিংবা হাঁটতে হাঁটতে কোনো সমস্যার সমাধান মাথায় এলে সেটিকে নিছক কাকতালীয় ভাবার কারণ নেই।
সব ধরনের দিবাস্বপ্ন এক নয়
মনোবিজ্ঞানী জেরোম সিঙ্গার দীর্ঘদিন দিবাস্বপ্ন নিয়ে গবেষণা করেছেন। তাঁর গবেষণায় দিবাস্বপ্নের বিভিন্ন ধরন চিহ্নিত করা হয়েছে।
এর একটি হলো ‘পজিটিভ কনস্ট্রাকটিভ ডে-ড্রিমিং’ বা ইতিবাচক গঠনমূলক দিবাস্বপ্ন। এতে আনন্দদায়ক কল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা, আকাঙ্ক্ষা ও সৃজনশীল চিন্তা প্রাধান্য পায়। এ ধরনের দিবাস্বপ্ন নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহ, কৌতূহল এবং বিভিন্ন ধারণা নিয়ে ভাবতে ভালোবাসার প্রবণতার সঙ্গে সম্পর্কিত।
অন্যদিকে, ‘গিল্টি-ডিসফোরিক’ বা অপরাধবোধ ও বিষাদপূর্ণ দিবাস্বপ্নে নেতিবাচক, উদ্বেগজনক ও যন্ত্রণাদায়ক চিন্তা প্রাধান্য পায়।
তাই নিজের চিন্তার ধরন বোঝা গুরুত্বপূর্ণ। আনন্দদায়ক কল্পনায় ডুবে থাকা আর একই ধরনের দুশ্চিন্তা বারবার মনে করে মানসিক অস্বস্তিতে ভোগা এক বিষয় নয়।
মন ঘুরে বেড়ালে কি মানুষ অসুখী হয়?
হার্ভার্ডের গবেষণায় দেখা গেছে, মন যখন বর্তমান কাজ ছেড়ে অন্য চিন্তায় ব্যস্ত থাকে, তখন মানুষ সাধারণত তুলনামূলক কম সুখী বোধ করে। তবে পরবর্তী গবেষণায় এ বিষয়ে আরও একটি দিক উঠে এসেছে।
২০২৪ সালের একটি গবেষণা অনুযায়ী, অন্যমনস্ক অবস্থায় মানুষের মেজাজ নির্ভর করে তারা কী নিয়ে ভাবছে তার ওপর। নেতিবাচক চিন্তা মেজাজ খারাপ করতে পারে। বিপরীতে, ইতিবাচক বিষয় নিয়ে কল্পনা বা চিন্তায় ডুবে থাকলে মেজাজ বর্তমান কাজে মনোযোগী থাকার সময়ের মতোই ভালো থাকতে পারে।
অর্থাৎ, অন্যমনস্ক হওয়া মানেই মন খারাপ হওয়া নয়। ছুটির দিনের পরিকল্পনা করা কিংবা আনন্দদায়ক কোনো স্মৃতি মনে করা আর অতীতের বিব্রতকর ঘটনা নিয়ে বারবার ভাবার মধ্যে বড় পার্থক্য রয়েছে।
আকর্ষণীয় চিন্তা ভালো রাখতে পারে মেজাজ
অন্য একটি গবেষণাতেও দেখা গেছে, মন ঘুরে বেড়ানোর সঙ্গে নেতিবাচক মেজাজের সম্পর্ক থাকতে পারে। তবে সব পরিস্থিতিতে এর প্রভাব এক রকম নয়। কোনো নির্দিষ্ট কাজ থেকে মন সরে গেলেও মানুষ ইতিবাচক অনুভূতি পেতে পারে, যদি তার চিন্তা আকর্ষণীয় কোনো বিষয়ের দিকে যায়।
গবেষকদের পরামর্শ, অন্যমনস্ক হয়ে পড়লে মনকে দুশ্চিন্তা বা নেতিবাচক ভাবনার মধ্যে আটকে না রেখে নিজের আগ্রহের কোনো বিষয়ে যেতে দেওয়া যেতে পারে। যেমন—কোনো গল্পের কল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা আনন্দদায়ক স্মৃতি নিয়ে ভাবা।
পরিকল্পনা ও ভবিষ্যতের প্রস্তুতিতে ভূমিকা
মনের অবাধ বিচরণ অনেক সময় ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ তৈরি করে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, মানুষ যখন নিজের মনকে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দেয়, তখন তুলনামূলক ইতিবাচক ও ভবিষ্যৎমুখী চিন্তা বেশি আসতে পারে। বিপরীতে, চিন্তাকে কঠোরভাবে সীমাবদ্ধ রাখলে এমন প্রবণতা কম দেখা যায়।
আমরা হয়তো আগামী দিনের কোনো কথোপকথন মনে মনে সাজাই, ভবিষ্যতের কোনো লক্ষ্য কল্পনা করি কিংবা পুরোনো স্মৃতি ফিরে দেখি। মনোবিজ্ঞানীদের মতে, এ ধরনের মানসিক অনুশীলন নিজের অনুভূতি বুঝতে এবং ভবিষ্যতের পরিস্থিতির জন্য প্রস্তুত হতে সাহায্য করতে পারে। তবে আবেগীয় প্রক্রিয়ায় এর ভূমিকা কীভাবে কাজ করে, তা বুঝতে আরও গবেষণা প্রয়োজন।
কখন অন্যমনস্কতা উদ্বেগের কারণ
বেশির ভাগ মানুষের ক্ষেত্রে মাঝেমধ্যে অন্যমনস্ক হয়ে পড়া স্বাভাবিক। তবে এই প্রবণতা যদি দৈনন্দিন জীবনে বাধা তৈরি করে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
যেমন—বারবার কথোপকথনের খেই হারিয়ে ফেলা, গুরুত্বপূর্ণ তথ্য খেয়াল না করা, নেতিবাচক চিন্তার চক্রে আটকে থাকা কিংবা দিবাস্বপ্নের কারণে কাজ ও পড়াশোনায় ব্যাঘাত ঘটলে সতর্ক হওয়া দরকার।
সুতরাং, অন্যমনস্কতাকে সব সময় অলসতা বা খারাপ অভ্যাস হিসেবে দেখার সুযোগ নেই। এটি কখনো সৃজনশীল চিন্তা ও পরিকল্পনার সহায়ক হতে পারে। তবে চিন্তার ধরন ও দৈনন্দিন জীবনে এর প্রভাবের দিকে নজর রাখাও জরুরি।