আট শহরে পানি ও স্যানিটেশন উন্নয়নে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি

দেশের আটটি শহরে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সেবা সম্প্রসারণে ১৫ কোটি মার্কিন ডলারের সহজ শর্তের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রকল্পের আওতায় প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা পাবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট’-এর আওতায় কৌশলগত অর্থনৈতিক প্রবৃদ্ধি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত আটটি শহরে সমন্বিত পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো গড়ে তোলা হবে। শহরগুলো হলো কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা পৌরসভা।
এডিবি জানায়, প্রকল্পটি তাদের সমর্থিত ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট উদ্যোগের অংশ। একই সঙ্গে এটি উন্নত জনসেবা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সক্ষমতা বাড়ানো এবং টেকসই আঞ্চলিক উন্নয়নে বাংলাদেশ সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তা করবে।
বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, জনস্বাস্থ্য, মানবিক মর্যাদা এবং উৎপাদনশীল ও দুর্যোগসহনশীল জনগোষ্ঠী গড়ে তুলতে নির্ভরযোগ্য পানি ও স্যানিটেশন সেবা অপরিহার্য। তাঁর মতে, প্রকল্পটিতে জলবায়ু সহনশীল অবকাঠামোর পাশাপাশি শক্তিশালী প্রতিষ্ঠান, ডিজিটাল ব্যবস্থা এবং টেকসই সেবা নিশ্চিত করার উদ্যোগ যুক্ত করা হয়েছে। এতে দ্রুত বর্ধনশীল আঞ্চলিক শহরগুলোতে নাগরিক সেবার মান উন্নত হওয়ার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের পরিবেশ তৈরি হবে।
প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। পাশাপাশি স্মার্ট মিটারসহ ৬৫ হাজার গৃহস্থালি পানির সংযোগ স্থাপন বা সংস্কার করা হবে। নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ দেওয়া হবে নিম্ন আয়ের মানুষ ও অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারীদের।
পানির অপচয় কমাতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। ২০২৬ সালে ৫০ শতাংশের বেশি থাকা পানির অপচয়ের হার ২০৩২ সালের মধ্যে ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য সাতটি পানি শোধনাগার সংস্কার এবং ৭৮টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া প্রতিষ্ঠা করা হবে।
পানি উৎপাদন, বিতরণ, গুণমান, গ্রাহকসেবা ও অবকাঠামোর তাৎক্ষণিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিজিটাল পর্যবেক্ষণ ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা হবে। নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য নির্মাণ করা হবে ১ হাজার ২০০টি গৃহস্থালি ল্যাট্রিন। এ ছাড়া নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উপযোগী চারটি পাবলিক স্যানিটেশন সুবিধা গড়ে তোলা হবে। স্থানীয় নারী বাসিন্দারা এসব সুবিধা পরিচালনা করবেন।
২০২৩ সালের ডিসেম্বরে প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি স্থানীয় সেবাদানকারী সংস্থাগুলোর কারিগরি, পরিচালন ও আর্থিক সক্ষমতা বাড়াবে। পাশাপাশি কুমিল্লা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) প্রতিষ্ঠায় সহায়তা করবে।
প্রকল্পের অংশ হিসেবে গৃহস্থালি পানির সংযোগ গ্রহণ, ভূগর্ভস্থ পানির দায়িত্বশীল ব্যবহার, মিটারিং ও ট্যারিফ ব্যবস্থা গ্রহণে স্থানীয় জনগণকে উৎসাহিত করা হবে। নিরাপদ পানির ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতেও তাঁদের সম্পৃক্ত করা হবে।
এ ছাড়া নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, ইউটিলিটি সুশাসন এবং টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সহায়তার জন্য এডিবি আলাদাভাবে ১০ লাখ ডলারের কারিগরি সহায়তা দেবে। প্রকল্পে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ৪ কোটি ৬০ লাখ ডলার অর্থায়ন করবে।
এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল প্রবৃদ্ধিতে সহায়তাকারী একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির সদস্য ৬৯টি দেশ। এর মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।