মিরপুর বিআরটিএতে অভিযান, ৫ দালালের কারাদণ্ড

সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও বিআরটিএ কার্যালয় দালালমুক্ত রাখতে রাজধানীর মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে ৯ জনকে আটক করা হয়। এর মধ্যে পাঁচজনকে ৩০ দিন করে কারাদণ্ড এবং চারজনকে ২৫ টাকা করে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে অভিযানটি পরিচালিত হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আশিক, মো. সাইম, মো. আব্দুর রহিম, মো. জাকির হোসেন ও মো. আব্দুর রহিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের অসংখ্য অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।