রাজধানীতে একই দিনে এপেক্স ও মহাখালীর ভবনে আগুন

রাজধানীতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পৃথক দুটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে পাদুকা ব্র্যান্ড এপেক্সের বিক্রয়কেন্দ্র এবং মহাখালীতে একটি পুরনো ভবনে আগুন লাগে।
সকাল পৌনে ১০টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কের এপেক্সের ছয়তলা বিক্রয়কেন্দ্রে আগুন লাগে। পুরো ভবনটি এপেক্সের বিক্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আবু তালহা বিন জসিম জানান, সকাল ১০টা ১৫ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন নিয়ন্ত্রণে মোট ছয়টি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এর মধ্যে চারটি টিম কাজ করছে এবং বাকি দুইটি টিমও ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে আগুনের কারণে ধানমন্ডির ২৭ নম্বর সড়কের এক পাশ বন্ধ করে দেওয়া হয়। ট্রাফিক ইন্সপেক্টর সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, আগুন লাগার পর যান চলাচল নিয়ন্ত্রণে সড়কের এক পাশ বন্ধ করে দেওয়া হয়েছে।
এর কিছুক্ষণ পর বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালীতে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরনো অফিসের কাছে একটি পুরনো ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে।
আগুন লাগার পর মহাখালীর ওই ভবন থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়, যা দূর থেকেও দৃশ্যমান ছিল।
দুটি অগ্নিকাণ্ডের কোনোটিরই তাৎক্ষণিকভাবে সূত্রপাতের কারণ জানা যায়নি। পাশাপাশি কোনো ঘটনায় হতাহতের তথ্যও পাওয়া যায়নি।