অনলাইনে পাঞ্জাবি বিক্রি, ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘জে ক্রিয়েশনের’ প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এ অর্থ আদায়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে জে ক্রিয়েশনের কার্যালয়ে অভিযান পরিচালনা করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। প্রতিষ্ঠানটি অনলাইনে পাঞ্জাবি, শেরওয়ানি ও বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি করে।
অভিযানের সময় মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। পরে অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন দলিলাদি জব্দ করা হয়।
পরবর্তী দুই দিন প্রতিষ্ঠানের বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হয়। মঙ্গলবার প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়েছে বলে জানায় এনবিআর।
সংগৃহীত দলিলাদি আরও যাচাই-বাছাই করে রাজস্ব ফাঁকি আদায়ে মামলা করাসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।