ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে, এবার লক্ষ্য মেসির রেকর্ড

অলিভিয়ের জিরুডকে টপকে মাত্র ২৭ বছর বয়সেই ফ্রান্স জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন ফরাসি অধিনায়ক। এই দুই গোলের মাধ্যমে তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়ায় ৫৮-তে।
ম্যাচে জোড়া গোল করে জিরুডের ৫৭ গোলের রেকর্ড ছাড়িয়ে যান এমবাপ্পে। এতে তিনি এককভাবে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে জায়গা করে নেন।
এই ঐতিহাসিক অর্জনের পর ম্যাচ শেষে ড্রেসিংরুমে সতীর্থরা তাকে বিশেষভাবে সম্মান জানায়। এমবাপ্পেকে ‘৫৮’ নম্বর লেখা একটি স্মারক জার্সিও উপহার দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে এমবাপ্পে লেখেন, জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়া তার জন্য বড় গর্বের বিষয়। সতীর্থ, কোচিং স্টাফ এবং ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতের আরও সাফল্যের প্রত্যাশার কথাও জানান।
এদিকে দেশের রেকর্ড নিজের করে নেওয়ার পর এবার এমবাপ্পের লক্ষ্য বিশ্বমঞ্চের সর্বোচ্চ রেকর্ড। সেনেগালের বিপক্ষে ম্যাচের পর তার বিশ্বকাপ গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে।
আর মাত্র ২টি গোল করলেই তিনি লিওনেল মেসি ও জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার যৌথভাবে থাকা সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে পৌঁছে যাবেন। বয়স ও বর্তমান ফর্ম বিবেচনায় ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, এই রেকর্ড ভাঙার দৌড়ে এমবাপ্পেই এখন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।