ঈদের নাটকে দর্শকমুগ্ধ জোভান-তটিনী, প্রশংসায় ভাসছে ‘তোর মায়ায়’

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া রুবেল হাসান পরিচালিত নাটক ‘তোর মায়ায়’-এ জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আবেগঘন গল্প ও দুই তারকার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।
নাটকের গল্পে উঠে এসেছে দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েন, প্রেমিক-প্রেমিকা আহান ও আদিয়ার ভালোবাসা, ভুল বোঝাবুঝি এবং এক মর্মান্তিক সিদ্ধান্তের পরিণতি। গত রোববার ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের মন্তব্য ঘরে চলছে আলোচনা।
দর্শকদের অনেকেই মন্তব্য করেছেন, জোভান ও তটিনীর পর্দার রসায়ন নাটকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। কেউ কেউ জানিয়েছেন, নাটকের শেষ দৃশ্য তাদের আবেগাপ্লুত করেছে এবং গল্পের পরিণতি দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি।
একজন দর্শক মন্তব্য করেন, দীর্ঘদিন পর এমন একটি নাটক দেখলেন যা শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। আরেকজনের ভাষায়, জোভান-তটিনীর অভিনয় নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে এবং তাদের জুটিকে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এদিকে ঈদের পরদিন মুক্তি পেয়েছে এই জুটির আরেক আলোচিত নাটক ‘তোমাদের গল্প ২’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটির প্রথম কিস্তি গত বছর দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছিল। দ্বিতীয় কিস্তিটিও ইতোমধ্যে দর্শকপ্রিয়তার দৌড়ে এগিয়ে যাচ্ছে।
সিনেমাওয়ালা প্রযোজিত এই নাটকে জোভান ও তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, দিলারা জামানসহ আরও অনেক পরিচিত মুখ।
ঈদের বিশেষ আয়োজনে মুক্তি পাওয়া ‘তোর মায়ায়’ ও ‘তোমাদের গল্প ২’—দুই নাটকেই জোভান-তটিনীর সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ফলে অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তায় এই জুটি নতুন করে আলোচনায় উঠে এসেছে।