বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

সারাদেশে মোবাইলের দোকান বন্ধ, বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

সারাদেশে মোবাইলের দোকান বন্ধ, বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে ঢাকার অধিকাংশ মোবাইল ফোনের দোকানও বন্ধ দেখা গেছে।

ব্যবসায়ীরা আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানি মুক্তির সুযোগ নিশ্চিতকরণসহ কয়েকটি দাবির বাস্তবায়নের জন্য এই কর্মসূচি পালন করছেন।

মোবাইল ব্যবসায়ীরা রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে এ কর্মসূচির ঘোষণা দেন মোবাইল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি)।

এমবিসিবির সাধারণ সম্পাদক আবু সায়ীদ পিয়াস বলেন, “এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন নিয়মের ফলে শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং গ্রাহকের কাছে মোবাইলের দাম বাড়বে।”

ব্যবসায়ীরা দাবি করছেন, দেশের মোবাইল ব্যবসার বড় অংশ যারা নিয়ন্ত্রণ করে, তাদের সঙ্গে আলোচনা ছাড়া এ নীতি কার্যকর করা ঠিক হবে না। এছাড়া, ব্যবসায়ীরা তাদের স্টকে থাকা কোটি কোটি টাকার হ্যান্ডসেট বিক্রি করতে পারবে না। প্রয়োজনে গুটিকয়েক ব্যবসায়ীর একচেটিয়া সুযোগ দেয়া হলে, বিপুল সংখ্যক ব্যবসায়ী পথে বসবেন।

এমবিসিবি নেতারা জানান, বর্তমানে এনইআইআর কাঠামো অপরিবর্তিত থাকলে বৈধভাবে মোবাইল ফোন আমদানি করা সম্ভব হবে না। একক ব্র্যান্ডের পণ্য স্থানীয়ভাবে সংযোজন করলে অন্য প্রতিষ্ঠান একই ব্র্যান্ডের পণ্য আমদানি করতে পারবে না। এতে বাজারে প্রতিযোগিতা কমে যাবে, মোবাইলের দাম বাড়বে এবং সাধারণ ভোক্তা ক্ষতিগ্রস্ত হবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন