আইফোনে আসছে চ্যাটজিপিটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট

এবার আইফোন ব্যবহারকারীরা পাচ্ছেন চ্যাটজিপিটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধা। ওপেনএআইয়ের তৈরি এ চ্যাটবট এখন মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী—যে কোনো তথ্য জানতে, পরামর্শ নিতে বা মন খারাপের সময় কথোপকথনে ব্যস্ত রাখতে এটি মুহূর্তেই উপস্থিত।
অ্যাপলের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট হলো সিরি। সাধারণত সিরির পরিবর্তে অন্য কোনো ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের অনুমতি দেয় না অ্যাপল। তবে আইফোন ১৫ প্রো সিরিজ এবং এর পরবর্তী মডেলের ব্যবহারকারীরা এবার অতিরিক্ত ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। ওপেনএআইয়ের সাম্প্রতিক আপডেটে অ্যাকশন বাটনে সরাসরি চ্যাটজিপিটির ভয়েস মোড সেট করার সুযোগ যুক্ত হয়েছে। ফলে এক চাপেই শুরু হবে ভয়েস কথোপকথন—কোনো অ্যাপ খুলতে হবে না, মেনু ঘাটাঘাটিও নয়।
এখন একই স্ক্রিনে ভয়েস চ্যাটের পাশাপাশি টেক্সট উত্তরও দেখা যাবে। টাইপিং এবং ভয়েস—দুই মোডের মধ্যে খুব মসৃণভাবে বদল করা যাবে। অ্যাকশন বাটনে নতুন শর্টকাট যুক্ত করার পর লং-প্রেস করলেই সক্রিয় হবে চ্যাটজিপিটির ভয়েস মোড।
আইফোনে চ্যাটজিপিটি ভয়েস মোড সেট করার ধাপ
১. প্রথমে আইফোনে চ্যাটজিপিটি অ্যাপ ইনস্টল করে লগ ইন করুন।
২. সেটিংস অ্যাপ খুলুন।
৩. “Action Button”-এ ট্যাপ করুন।
৪. “Controls” সেকশনে গিয়ে বর্তমান সেটিংসের পাশের চেভরন আইকনে ট্যাপ করুন।
৫. সার্চ বক্সে “ChatGPT” লিখুন।
৬. “Open ChatGPT Voice” অপশনটি নির্বাচন করুন।
একবার সেটআপ হয়ে গেলে অ্যাকশন বাটনে লং-প্রেস করলেই চ্যাটজিপিটির ভয়েস ইন্টারফেস চালু হবে। প্রথমবার ব্যবহারের সময় অ্যাপটি মাইক্রোফোন ব্যবহার করার অনুমতি চাইতে পারে—‘Allow’ করলেই ব্যবহার করা যাবে।