হাম ও উপসর্গে ১৭৮ দিনে মৃত্যু ছাড়াল ৯৯০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯ জনে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রামে ২৫৬ জন, সিলেটে ১৪০, বরিশালে ১২৫, খুলনায় ৮০, ময়মনসিংহে ৭৫, রাজশাহীতে ২৭ এবং রংপুরে ২০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন।
একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪৬১ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৩৫ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গের প্রকোপের তথ্য নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর।