মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা, বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে

ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা, বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার। আইসিসির সর্বশেষ প্রকাশিত নারী টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নারী ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার সুবাদে র‍্যাঙ্কিংয়ে এক লাফে ১৯ ধাপ এগিয়েছেন মারুফা।

এই উন্নতির পর ৬২২ রেটিং পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে অবস্থান করছেন বাংলাদেশের এই পেসার। এটিই তার ক্যারিয়ারের সর্বোচ্চ র‍্যাঙ্কিং। ফলে টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে এখন শীর্ষে মারুফা।

বাংলাদেশের আরেক বোলার সুলতানা খাতুনও র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া এই স্পিনার ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে উঠেছেন।

অন্যদিকে রাবেয়া খান এক ধাপ পিছিয়ে ২২তম এবং নাহিদা আক্তার চার ধাপ পিছিয়ে ৩২তম অবস্থানে রয়েছেন।

নারী টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। শ্রী চরনি, সোফি এক্লেস্টন ও সোফি ডিন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার উন্নতি করেছেন। সোবহানা মোস্তারি তিন ধাপ এগিয়ে ৩৬তম, দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ৬২তম এবং জুয়াইরিয়া ফেরদৌস ছয় ধাপ এগিয়ে ৯৬তম স্থানে উঠেছেন।

বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এক ধাপ এগিয়ে ২১তম অবস্থানে রয়েছেন। ফলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে তিনিই সবার ওপরে।

বিশ্বের নারী টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। এরপর রয়েছেন জর্জিয়া ভল ও লরা উলভার্ট। ব্যাটারদের শীর্ষ ১৬ অবস্থানেও কোনো পরিবর্তন হয়নি।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। হেইলি ম্যাথিউস, অ্যামেলিয়া কের ও চামারি আতাপাত্তু যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ