অবসরের ঘোষণা দিলেন বার্সার সাবেক উইঙ্গার

ছয়টি ভিন্ন দেশের ক্লাব মাতিয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন বার্সেলোনার সাবেক স্প্যানিশ উইঙ্গার ক্রিস্টিয়ান তেলো। ৩৫ বছর বয়সে ফুটবল থেকে অবসর গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন লা মাসিয়া একাডেমির এই তারকা।
ক্যারিয়ারে রিয়াল বেতিস ও পোর্তোর মতো খ্যাতনামা ক্লাবে সোনালী সময় কাটানোর পর সংযুক্ত আরব আমিরাতের থার্ড টায়ার বা তৃতীয় বিভাগের ক্লাব ‘পাম সিটি এফসি’- তে কিছুদিন খেলে নিজের ফুটবল অধ্যায়ের ইতি টানলেন তিনি।
সংবাদমাধ্যম গোলডটকম জানিয়েছে, রোববার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানান এই উইঙ্গার। লা মাসিয়া থেকে বার্সেলোনার মূল দলে নজর কাড়েন তিনি। পেশাদার ফুটবলের দীর্ঘ যাত্রার উত্থান-পতন স্মরণ করে পরিবার, সতীর্থ ও ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তেলো।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বিদায়ী বার্তায় তিনি লেখেন, ‘আজ আমার জীবনের একটি সুন্দর অধ্যায়কে বিদায় জানানোর সময় এসেছে। এতগুলো বছর, কত কত ম্যাচ, কত ড্রেসিংরুম, অজস্র আনন্দ আর কঠিন কিছু মুহূর্ত পেরিয়ে আজ পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।
তিনি বলেন, ফুটবল আমাকে জীবনের সবকিছু দিয়েছে। একসময় যেসব স্বপ্নকে অসম্ভব মনে হতো, সেগুলোকে সত্যি করার সুযোগ দিয়েছে। এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, যাদের আমি আজীবন হৃদয়ে বহন করব। ফুটবলের বদৌলতে এমন কিছু স্মৃতি তৈরি হয়েছে, যা চিরকাল অমলিন থাকবে। আমার কাছে অত্যন্ত অর্থবহ কিছু জার্সি গায়ে তোলার সৌভাগ্য হয়েছে আমার; আর পথচলায় সঙ্গী হিসেবে পেয়েছি অসাধারণ সব সতীর্থ, কোচ, ক্লাবের কর্মকর্তা, বন্ধু এবং আমার পরিবারকে।
তিনি আর লেখেন, ফুটবলার হিসেবে আমার অধ্যায় আজ শেষ হলেও, এই খেলা আমাকে যা যা শিখিয়েছে, তা চিরকাল আমার সঙ্গে থাকবে।