মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বড় উত্থানের পর ফের পতনে শেয়ারবাজার

বড় উত্থানের পর ফের পতনে শেয়ারবাজার
ছবি: এআই
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বড় ধসের পর আগের কার্যদিবসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল শেয়ারবাজার। তবে একদিন পরই ফের পতনে ফিরেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবগুলো মূল্যসূচক। তবে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমলেও প্রধান মূল্যসূচক কিছুটা বেড়েছে। একই সঙ্গে বাজারটিতে লেনদেনের পরিমাণও বেড়েছে।

এর আগে রোববার ডিএসইতে বড় ধরনের দরপতন হয়। ওই দিন প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০৩ পয়েন্ট কমে যায়। একদিনে সূচকের শতাধিক পয়েন্ট পতনে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরদিন সোমবার অবশ্য বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ায় সূচকও কিছুটা ঘুরে দাঁড়ায়।

মঙ্গলবার লেনদেনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। এতে ঊর্ধ্বমুখী হয় সূচক। একপর্যায়ে ডিএসইএক্স ৬১ পয়েন্ট পর্যন্ত বেড়ে যায়।

তবে দুপুর ১২টার পর বাজারে বিক্রির চাপ বাড়তে থাকে। বিপরীতে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় ধীরে ধীরে দরপতনের তালিকা বড় হতে থাকে। ফলে দিনের শুরুতে বড় উত্থান দেখা গেলেও শেষ পর্যন্ত পতন দিয়েই লেনদেন শেষ হয়।

দিন শেষে ডিএসইতে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ২৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির দাম। দরপতনের ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৯ পয়েন্টে নেমে এসেছে।

এ ছাড়া ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ১০৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ১০৯ পয়েন্টে অবস্থান করছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ ও তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪০টির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানির মধ্যে ৮টির দাম বেড়েছে, ৬৫টির কমেছে এবং একটি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ গ্রুপের ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ৪৯টির কমেছে এবং ৩৩টির অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া মিউচুয়াল ফান্ডের মধ্যে ৫টির দাম বেড়েছে, ১৬টির কমেছে এবং ১৩টির অপরিবর্তিত রয়েছে।

সূচক কমলেও মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিন শেষে মোট ৫৯০ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭১ কোটি ৩২ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৯ কোটি ১১ লাখ টাকা।

লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে এনভয় টেক্সটাইল। কোম্পানিটির ২৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল মালেক স্পিনিং। আর ২২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ।

লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের অন্যগুলো হলো—আইপিডিসি ফাইন্যান্স, সায়হাম কটন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সায়হাম টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটার, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।

বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমলেও সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সিএসইতে ২০ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১৮ কোটি ৮৪ লাখ টাকার তুলনায় ১ কোটি ৫৫ লাখ টাকা বেশি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন