ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের অর্থায়ন আইএসডিবির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এ অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, প্রকল্পে আইএসডিবির অর্থায়নের পরিমাণ প্রায় ১ বিলিয়ন বা ১০০৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার। পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের নভেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারিতে বছরে অতিরিক্ত ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। এর ফলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসডিবি গ্রুপের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
চুক্তি স্বাক্ষরের পর সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের।
সাক্ষাতে বাংলাদেশ ও আইএসডিবির দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্ব, দেশের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগ ও অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় আগামী দিনে বাংলাদেশ ও আইএসডিবির মধ্যে উন্নয়ন সহযোগিতা ও অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।