মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আমিরাত

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আমিরাত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে বাংলাদেশের যেমন জয় প্রয়োজন, তেমনি জিতলেই প্রথমবারের মতো টুর্নামেন্টের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা তৈরি হবে আমিরাতের।

দুবাইয়ে গ্রুপ ‘বি’-এর ম্যাচটি শুরু হবে আজ রাত সাড়ে ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

গ্রুপে দুই দলেরই সংগ্রহ ২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে রয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে আজকের ম্যাচে জয় পেলেই শেষ চার নিশ্চিত করবে বাংলাদেশ।

নারী এশিয়া কাপের তুলনামূলক নবীন দল সংযুক্ত আরব আমিরাত। ২০২২ সালে প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেয় তারা। অভিষেক আসরেই মালয়েশিয়াকে হারিয়ে চমক দেখিয়েছিল দলটি।

পরের আসরে অবশ্য কঠিন গ্রুপে পড়ে কোনো জয় পায়নি আমিরাত। ভারত, পাকিস্তান ও নেপালের মতো শক্তিশালী দল ছিল তাদের গ্রুপে। তবে এবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ইতিহাস গড়ার সুযোগ এসেছে তাদের সামনে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে হারলেও পরের ম্যাচে ইন্দোনেশিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়ায় আমিরাত। এবার বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে তারা।

বাংলাদেশও টুর্নামেন্টে শুরুটা করেছে দাপুটে জয়ে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭১ রানের বড় জয় পেয়েছিল নিগার সুলতানার দল। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও জয় পায়নি বাংলাদেশ।

অন্যদিকে শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে গ্রুপ ‘বি’ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে ওঠার লড়াই এখন মূলত বাংলাদেশ ও আমিরাতের মধ্যে।

দুই দলের পয়েন্ট সমান হওয়ায় আজকের ম্যাচটি হয়ে উঠেছে কার্যত বাঁচা-মরার লড়াই। জয়ী দলই সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে।

কাগজে-কলমে অবশ্য শক্তির বিচারে বাংলাদেশই এগিয়ে। তবে আমিরাতের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। ফলে আজকের ম্যাচে অঘটনের আশায় মাঠে নামবে তারা, আর বাংলাদেশ চাইবে কোনো ঝুঁকি না নিয়ে জয় নিশ্চিত করে শেষ চারের জায়গা পাকা করতে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন