মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনায় সংসদে প্রতিবাদ

ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনায় সংসদে প্রতিবাদ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জাতীয় সংসদে প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতালি সরকারের সঙ্গে যোগাযোগসহ বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রতিবাদ জানান। বিকেল সাড়ে ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

পয়েন্ট অব অর্ডারে জহরত আদিব চৌধুরী বলেন, বিষয়টি হয়তো পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। তবে বাংলাদেশের মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী বিষয় হওয়ায় সংসদের বিশেষ ক্ষমতাবলে তা তুলে ধরার সুযোগ চান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন চলচ্চিত্রসংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নিতে ইতালির ভেনিসে গিয়েছিলেন। সেখানে পরিবারের সদস্য ও ছোট সন্তানকে নিয়ে একটি পার্কে হাঁটার সময় তাকে শারীরিক ও মৌখিকভাবে হেনস্তা করা হয়েছে বলে বাঁধন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।

জহরত আদিবের দাবি, বাঁধনের সঙ্গে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলা এবং তার দিকে কোল্ড ড্রিংকস ও পানি ছুড়ে মারার ঘটনাও ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের জুলাই আন্দোলনের সময় জনগণের পাশে দাঁড়ানো এবং ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অবস্থান নেওয়ার কারণেই বাঁধনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

একজন নারী এবং দেশের পক্ষে অবস্থান নেওয়া একজন শিল্পীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন জহরত আদিব চৌধুরী।

তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে এবং ইতালি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ কীভাবে নেওয়া হচ্ছে, তা জানতে চান তিনি।

সংসদ সদস্য আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো মন্ত্রী এ সময় সংসদে উপস্থিত না থাকায় পরে তাদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হবে। সংসদ ও দেশের জনগণও এ ঘটনায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চায়।

জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কাউকে এ সময় সংসদে দেখা যাচ্ছে না। তারা সংসদে এলে এ বিষয়ে তাদের বক্তব্য শোনা হবে।

ঘটনাটিকে অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, এ ঘটনায় অপরাধের নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের একজন বা দুজন সংসদে উপস্থিত হলে তাদের বক্তব্য শোনা হবে জানিয়ে তিনি বলেন, ‘এই সংসদ জানতে চায়, এই জাতি জানতে চায়।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন