মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আমিরাত ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আপিল বিভাগে প্রধান বিচারপতি ও বার সভাপতির বাগবিতণ্ডা মৈত্রী এক্সপ্রেস নিয়ে শিগগির সুখবর, যেকোনো সময় চালুর তারিখ ঘোষণা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন সাত মাসে ২ হাজারের বেশি শিশু এখনো নিখোঁজ, মহিলা পরিষদের উদ্বেগ সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন
  • ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

    ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    ডেঙ্গুর জন্য আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে কর্মসূচিতে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

    সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে চলবে না। এর পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে হবে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।

    কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে এ দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

    শনিবার হবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

    তিন মাসের এ কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে।

    প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন।

    এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করার পাশাপাশি বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার বিষয়ে বাসিন্দাদের সচেতন করা হবে।

    গণমাধ্যমে বাড়ানো হবে প্রচার

    মাঠপর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    বিশেষ করে টেলিভিশনে ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে প্রতিরোধমূলক বার্তা তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।

    সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এ ছাড়া প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন