মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আগামী ১৬ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শুরুতে তৃতীয় টার্মিনাল থেকে সীমিতসংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। পরে ধাপে ধাপে এর কার্যক্রম বাড়িয়ে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। টার্মিনালটি পুরোপুরি চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী হ্যান্ডলিং সক্ষমতা প্রায় চার গুণ বাড়বে। একই সঙ্গে সর্বোচ্চ ২৫০টি উড়োজাহাজ পরিচালনার মতো অবকাঠামোগত সক্ষমতা তৈরি হবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিমানমন্ত্রী।

তিনি বলেন, বিমানবন্দরের নাম পরিবর্তনের চেয়ে তৃতীয় টার্মিনাল দ্রুত চালু করাই সরকারের প্রধান লক্ষ্য।

মন্ত্রী আরও জানান, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রকল্পের রাজস্বে বাংলাদেশের অংশ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে। পাশাপাশি প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকার ঋণের কিস্তি পরিশোধের প্রক্রিয়াও শুরু হয়েছে।

যাত্রীসেবার মান উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, উড়োজাহাজ অবতরণের ১৫ মিনিটের মধ্যে যাত্রীর কাছে লাগেজ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষ থেকে জরিমানার ব্যবস্থা থাকবে।

তৃতীয় টার্মিনালের ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে বলেও জানান তিনি। উন্নত অবকাঠামোর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনাইদ সাকি এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী।

২০১৭ সালে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের ব্যয়ের মধ্যে সরকার ৫ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ থেকে নেওয়া হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। সে সময় বেবিচক জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা চালু করা সম্ভব হয়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন