তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ-অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় একজন তরুণ সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন পেতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা দেওয়া হবে ব্যাংক ঋণ হিসেবে, আর বাকি ১০ লাখ টাকা থাকবে অনুদান।
কর্মসূচিটির অন্যতম বৈশিষ্ট্য হলো, ঋণের জন্য কোনো সহায়ক জামানত দিতে হবে না। গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তিনি জানান, এটি প্রচলিত কোনো প্রতিযোগিতামূলক কর্মসূচি নয়। তফসিলি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা হবে। এরপর তাদের ব্যবসায়িক ধারণা, সম্ভাব্যতা ও প্রকৃত অর্থের প্রয়োজন যাচাই করে অর্থায়নের জন্য নির্বাচন করা হবে।
নির্বাচিত উদ্যোক্তারা প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থও সুদবিহীন ঋণে পরিণত হবে। পরবর্তী সময়ে ওই ঋণ প্রচলিত নিয়মে শ্রেণিকরণ করা হবে। এতে সংশ্লিষ্ট উদ্যোক্তা খেলাপি হিসেবে বিবেচিত হতে পারেন এবং ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন।
কর্মসূচিতে আবেদন করতে হলে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স ২৮ বছরের বেশি হওয়া যাবে না। একই সঙ্গে আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।
এ জন্য আগে থেকেই ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। সম্ভাবনাময় ও বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেও আবেদন করা যাবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, হস্তশিল্প, পর্যটন, সেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন বৈধ উদ্যোগ এ কর্মসূচির আওতায় বিবেচিত হবে।
আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেওয়া যাবে।
প্রথম ধাপে দেশের আট বিভাগের আট জেলার ৬৪ উপজেলায় কর্মসূচি চালু করা হবে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে প্রথম ধাপে নির্বাচন করা হবে।
পরবর্তী সময়ে দেশের অন্যান্য উপজেলায়ও কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে এ কর্মসূচির আওতায় অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
শুধু ঋণ ও অনুদান দেওয়াই নয়, নির্বাচিত তরুণদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হবে। পাশাপাশি অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরিতে সহায়তা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তিন থেকে পাঁচজনের কর্মসংস্থান তৈরি করতে পারেন। ফলে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতেও কর্মসূচিটি ভূমিকা রাখতে পারে।
কর্মসূচির বাস্তবায়ন পদ্ধতি ও অন্যান্য শর্ত উল্লেখ করে আগামী ১৬ সেপ্টেম্বর বিস্তারিত সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার প্রকাশের পরবর্তী এক মাস আবেদন গ্রহণ করা হবে।