ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ শপথ নেবেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রাতে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
শপথ নেওয়ার পর আগামী এক বছর জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ ও সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বহুপাক্ষিক ফোরাম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।
এর আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে তিনি গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে অংশ নেবেন। সেখানে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী অধিবেশনের কার্যক্রম পরিচালনা এবং তার অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন তিনি।
প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব
শপথগ্রহণ শেষে বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী এক বছর তিনি অধিবেশনের বিভিন্ন সভা পরিচালনা, সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ ও সমন্বয় এবং সাধারণ পরিষদের কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।