রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj

চিকিৎসকদের কৃতজ্ঞতা জানিয়ে হাসপাতাল ছাড়লেন মিঠুন

চিকিৎসকদের কৃতজ্ঞতা জানিয়ে হাসপাতাল ছাড়লেন মিঠুন
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হাতের অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার হাসপাতাল থেকে বের হওয়ার সময় চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান তিনি। দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেতা।

মিঠুন বলেন, হাসপাতালে থাকার তিন দিন যেন চোখের পলকেই কেটে গেছে। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পুরো দল তাকে সুস্থ করে তুলতে অনেক সহযোগিতা করেছেন। নার্সদের কাছ থেকেও তিনি আন্তরিক যত্ন পেয়েছেন।

অভিনেতা আরও জানান, অস্ত্রোপচারের দিনই তিনি বুঝতে পারেন যে হাতের আঙুল দিয়ে আবার কিছু ধরতে পারছেন। চিকিৎসক ও নার্সদের যত্নের কারণেই এত দ্রুত বাড়ি ফিরতে পারছেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার ডান হাতে অস্ত্রোপচার করা হয় মিঠুনের। অস্ত্রোপচার সফল হয়েছে বলে আগেই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে একই হাতের কনুইয়ে অস্ত্রোপচার হয়েছিল অভিনেতার। এবার অস্ত্রোপচারের পর কয়েক দিন তাকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণে রাখা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসাদ কৃষ্ণন জানান, মিঠুনের অস্ত্রোপচারটি কিছুটা জটিল ছিল। এর আগে অন্য একটি হাসপাতালে তার কনুইয়ে অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় লাগানো প্লেটের সঙ্গে একটি নার্ভ আটকে যায়। প্লেটের স্ক্রুগুলোও নার্ভের ওপর চাপ তৈরি করছিল।

চিকিৎসক জানান, শুধু প্লেটটি সরিয়ে দিলেই সমস্যার সমাধান হতো না। নার্ভটিকে আলাদা করে অন্য জায়গায় স্থাপন করার প্রয়োজন ছিল। অস্ত্রোপচারের মাধ্যমে সেটিই করা হয়েছে। এর ফলে হাতের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে।

এদিকে, শুক্রবার সকালে হাসপাতালে মিঠুনকে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিঠুনের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি তাকে জানিয়েই ভর্তি হয়েছিলেন অভিনেতা।

শুক্রবার রাতে মিঠুনকে দেখতে হাসপাতালে যান অভিনেতা ও সাংসদ দেবও। হাসপাতাল থেকে বের হওয়ার সময় তিনি মিঠুনের দ্রুত সুস্থতা কামনা করেন।

দেব বলেন, মিঠুনদা খুবই ইতিবাচক মানসিকতার মানুষ। তিনি আশা করেন, মিঠুন যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এবং ভবিষ্যতে আর হাসপাতালে যেতে না হয়। আগামী দিনে মিঠুনের সঙ্গে আবারও একসঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানান দেব।

অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ রয়েছেন মিঠুন চক্রবর্তী। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থেকেই তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরবেন বলে জানা গেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন