রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মাতারবাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাতারবাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মাতারবাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিদর্শন করবেন গভীর সমুদ্রবন্দর

চট্টগ্রাম সফরের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মহেশখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরকালে প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর হেলিকপ্টারে করে বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাওয়ার কথা রয়েছে তার। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন তিনি। সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী।

মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

পরে বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় কিছু সময় বিরতি নেবেন তারেক রহমান।

সফরের পরবর্তী কর্মসূচি হিসেবে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ঘর হস্তান্তর করা হবে।

দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর এই সফরে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন