ভেনিসের পর টরন্টোতেও বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের সিনেমা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এবার নির্বাচিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ।
এর আগে সিনেমাটি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিল। ভেনিসের পর টিআইএফএফে নির্বাচিত হওয়াকে বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক অগ্রযাত্রায় আরেকটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মনস্তাত্ত্বিক ও অতিপ্রাকৃত থ্রিলারধর্মী এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি বিউটি পার্লার, একটি আসন্ন বিয়ে এবং শৈশবের গভীর মানসিক ট্রমাকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল এবং রিকিতা নন্দিনী শিমু।
আন্তর্জাতিক যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির প্রযোজনায় বাংলাদেশের খনা টকিজ-এর পাশাপাশি অংশ নিয়েছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজনা প্রতিষ্ঠান।
এবারের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন আলোচিত ও পুরস্কারজয়ী সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। তালিকায় রয়েছে কান চলচ্চিত্র উৎসব, ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রশংসিত একাধিক সিনেমা।
আগামী ১০ থেকে ২০ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিত হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১তম আসর। সেই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রুবাইয়াত হোসেনের এই চলচ্চিত্র।