করোনার স্মৃতি থেকে জন্ম, চরকিতে মুক্তি পেল ‘পেইন্ট অন ড্রাই লিফ’

মানুষের বেঁচে থাকার লড়াই, ভালোবাসা এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে নির্মিত সীমিত দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘পেইন্ট অন ড্রাই লিফ’ আজ (৬ আগস্ট) থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে।
ফুয়াদুজ্জামান ফুয়াদের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রের প্রযোজক মাহফুজ নাজিম মাপেল জানান, ব্যক্তিগত এক বেদনাদায়ক অভিজ্ঞতা থেকেই সিনেমাটি নির্মাণের অনুপ্রেরণা পেয়েছেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার বাবা দীর্ঘদিন লাইফ সাপোর্টে ছিলেন। সেই সময় একজন মানুষের নিঃশ্বাসের জন্য সংগ্রাম তাকে গভীরভাবে নাড়া দেয়।
মাহফুজ নাজিম মাপেল বলেন, ‘বাবাকে যে নিঃশ্বাসটা ফিরিয়ে দিতে পারিনি, সেই অনুভূতিই পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক যদি সিনেমাটি দেখে একবার হলেও বুকভরে শ্বাস নেওয়ার মূল্য উপলব্ধি করেন, সেটাই হবে আমাদের সার্থকতা।’
নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদ বলেন, ঢাকার ক্রমবর্ধমান বায়ুদূষণ ও পরিবেশ সংকট থেকেই চলচ্চিত্রটির গল্পের ভাবনা এসেছে। তার ভাষায়, এটি কল্পবিজ্ঞানভিত্তিক নয়; বরং বর্তমান বাস্তবতারই একটি সম্ভাব্য ভবিষ্যৎচিত্র।
চলচ্চিত্রে তন্বী চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ এবং তূর্য চরিত্রে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।
নিজের চরিত্র নিয়ে নওশাবা বলেন, ‘পেইন্ট অন ড্রাই লিফ’ আমার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই চরিত্র আমাকে জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছে।
অন্যদিকে ইমতিয়াজ বর্ষণ বলেন, ‘এটি শুধু একটি সিনেমা নয়, বরং মানুষের নিঃশ্বাসের জন্য সংগ্রামের প্রতিচ্ছবি। উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংসের যে পরিণতি হতে পারে, সেটিই এই গল্পে তুলে ধরা হয়েছে।’
নির্মাতার ভাষ্য, চলচ্চিত্রটির মূল উপজীব্য মানুষ ও প্রকৃতির সম্পর্ক। এখানে একটি গাছ শুধু প্রকৃতির প্রতীক নয়, বরং ভালোবাসা, সম্পর্ক এবং বেঁচে থাকার আকাঙ্ক্ষারও প্রতীক হয়ে উঠেছে।