স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, থানায় অভিনেত্রী অদিতি শর্মা

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী অদিতি শর্মা স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে গত ৩১ জুলাই গোরেগাঁও থানার পুলিশ একটি এফআইআর দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মামলার অভিযুক্তরা হলেন অদিতির স্বামী বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ননদ কীর্তি কৌশিক।
অদিতির অভিযোগ, বিয়ের সময় পাওয়া স্বর্ণের চেইন, আংটি, হীরার আংটিসহ মূল্যবান গহনা শাশুড়ি নিজের কাছে রেখে দেন। পরে একাধিকবার ফেরত চাইলেও সেগুলো তাকে দেওয়া হয়নি।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ২০২১ সালে একটি অনলাইন অভিনয় কোর্সে বিদ্যানন্দ কৌশিকের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২৪ সালের ১২ নভেম্বর তারা বিয়ে করেন।
অভিযোগে তিনি বলেন, বিয়ের পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। তার দাবি, স্বামী সংসারের খরচ বহন না করে বরং তার কাছেই অর্থ চাইতেন। এছাড়া ২০২৫ সালের ১ জানুয়ারি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
অদিতির আরও দাবি, স্বামী নিয়মিত তার মোবাইল ফোন তল্লাশি করতেন, পরকীয়ার সন্দেহ প্রকাশ করতেন এবং পরে আলাদা কক্ষে থাকতে শুরু করেন। একই সঙ্গে শাশুড়ি ও ননদ পারিবারিক বিরোধ মেটানোর পরিবর্তে তাকে অপমান ও মানসিকভাবে হেনস্তা করতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।