সিনেমার বাইরে সম্পত্তি বিক্রিতে চমক দেখালেন মাধুরী দীক্ষিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবার রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা তুলে আলোচনায় এসেছেন। প্রায় ১৮ বছর আগে কেনা মুম্বাইয়ের একটি বাণিজ্যিক সম্পত্তি বিক্রি করেছেন তিনি।
রিয়েল এস্টেট অ্যানালিটিক্স প্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্স-এর তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরিতে প্রায় ১ হাজার ৫৯৪ বর্গফুটের একটি অফিস ২০০৭ সালে ৫২.৫ লাখ রুপিতে কিনেছিলেন মাধুরী দীক্ষিত। অফিসটির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে।
সম্প্রতি সম্পত্তিটি ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড-এর কাছে বিক্রি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই লেনদেনে প্রায় ৩০ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি পরিশোধ করা হয়েছে।
রিয়েল এস্টেটে মাধুরী ও তার স্বামী ড. শ্রীরাম নেনে দীর্ঘদিন ধরেই বিনিয়োগ করে আসছেন। এর আগে বিভিন্ন সম্পত্তি লিজ দেওয়া ও বিক্রির মাধ্যমেও তারা উল্লেখযোগ্য মুনাফা করেছেন।
চলতি বছরের মার্চে মুম্বাইয়ের ওয়ান লোধা প্যালেসে পাঁচ বছরের জন্য একটি অফিস লিজ নেন মাধুরী। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে জুহু এলাকার একটি ফ্ল্যাট ৩.৯ কোটি রুপিতে বিক্রি করেছিলেন এই তারকা দম্পতি।
অন্যদিকে, সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মাধুরী অভিনীত সিনেমা ‘মা বহেন’ সমালোচকদের প্রশংসা পেলেও বাণিজ্যিকভাবে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে অভিনয়ের বাইরেও রিয়েল এস্টেট বিনিয়োগে তার সাফল্য আবারও আলোচনায় এসেছে।