হজযাত্রায় বাংলাদেশিদের ১৪ মৃত্যু, পৌঁছেছেন ৫৫ হাজারের বেশি

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এসব যাত্রী ১৪২টি ফ্লাইটে দেশটিতে গেছেন। চলতি হজ মৌসুমে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর তথ্যও পাওয়া গেছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৩ মে (সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট) পর্যন্ত এই সংখ্যক হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন হজযাত্রী রয়েছেন।
চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজযাত্রায় এখন পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৯টি, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
পরিবহন পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৭ হাজার ৪২৮ জন, সৌদি এয়ারলাইন্স ১৯ হাজার ১১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।
সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১৬ হাজার ২টি সেবা প্রদান করা হয়েছে।
এ পর্যন্ত মোট ১৪ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। মক্কায় ১১ জন এবং মদিনায় ৩ জন মারা গেছেন। সর্বশেষ ১২ মে গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মৃত্যুবরণ করেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।