বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Natun Kagoj

সাময়িকভাবে বন্ধ সেবা প্রকাশনীর সব কার্যক্রম

সাময়িকভাবে বন্ধ সেবা প্রকাশনীর সব কার্যক্রম
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ।

বুধবার (১৩ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সেবা প্রকাশনীর অংশীদার কাজী শাহানূর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় সম্প্রতি তাদের নজরে এসেছে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অডিট কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে সাময়িকভাবে সব কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।

২০২২ সালের ১৯ জানুয়ারি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পর থেকেই প্রতিষ্ঠানটির কার্যক্রমে ধীরগতি দেখা দেয়। তার মৃত্যুর পর দুই ছেলে কাজী শাহানূর হোসেন ও কাজী মাইমুর হোসেন সমান অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কাজী আনোয়ার হোসেন জীবদ্দশায় মাসুমা মাইমুরকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়ে যান।

মাসুমা মাইমুর জানান, কাজী মাইমুর হোসেন বর্তমানে অসুস্থ রয়েছেন। আর বড় ভাই কাজী শাহানূর হোসেনের অগোচরে প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।

তার ভাষ্য অনুযায়ী, গত ছয় মাস ধরে গোপনে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, বাংলাবাজারসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্রে বই বিক্রির অর্থ নিয়মিত জমা করা হচ্ছিল না। এছাড়া সাম্প্রতিক বিভিন্ন প্রকল্পও অনিয়মের কারণে ব্যর্থ হচ্ছিল।

এসব বিষয় সামনে আসার পর পারিবারিকভাবে আলোচনা করে সাময়িকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রেখে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

এ ঘটনায় ইতোমধ্যে রমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ অডিট কার্যক্রমও শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মাসুমা মাইমুর।

তিনি আশা প্রকাশ করেন, অডিট ও তদন্ত প্রক্রিয়া শেষ হলে পাঠকপ্রিয় সেবা প্রকাশনী নতুনভাবে কার্যক্রম শুরু করবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন