শাপলা চত্বর মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত সহিংস ঘটনার মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (১৩ মে) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এর আগে সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ মে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
এর আগে ৭ মে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট তিনজনকে আদালতে হাজির করার নির্দেশ দেন। সেই অনুযায়ী আজ তাদের হাজির করা হলে আদালত গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা দীপু মনি আন্তর্জাতিক পরিমণ্ডলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে ভিন্নভাবে উপস্থাপন করেন।
অন্যদিকে সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে সমাবেশকে কেন্দ্র করে উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। সে সময় তারা একাত্তর টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন—মোজাম্মেল বাবু ব্যবস্থাপনা পরিচালক এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
এর আগে শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের হাজিরের নির্দেশ দেয়। আজ আদালতে আনার পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এ মামলায় ইতোমধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলসহ আরও কয়েকজন কারাগারে রয়েছেন।
শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হেফাজতে ইসলামের পক্ষ থেকে চিফ প্রসিকিউটরের কাছে আবেদন করা হয়। হেফাজত নেতা আজিজুল হকের করা অভিযোগের ভিত্তিতে মামলায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।