আইনজীবীর পোশাকে হঠাৎ আদালতে মমতা

ভোট-পরবর্তী সহিংসতার একটি মামলায় কলকাতা হাইকোর্টে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৪ মে) তিনি যখন আদালতে হাজির হন তখন আইনজীবীর কালো গাউন পরিহিত অবস্থায় ছিলেন তিনি। তার এমন ছবি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস (টিএমসি) বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে এবং টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে বিজেপি। নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক কর্মী ও দলীয় কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়। মামলাটি করেছেন টিএমসির জ্যেষ্ঠ নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে টিএমসি দাবি করেছে, আদালতে মমতার উপস্থিতি প্রমাণ করে তিনি এখনও বাংলার মানুষের পাশে রয়েছেন এবং সত্য, ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছেন। দলটি আরও বলেছে, ঘৃণার রাজনীতির ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় সাহস, সহমর্মিতা ও দৃঢ়তার পরিচয় দিয়ে যাচ্ছেন। বিজেপির উচ্ছৃঙ্খল আচরণ এবং এসআইআরের মতো অন্যায়ের বিরুদ্ধে মমতা অবস্থান নিয়েছেন বলেও উল্লেখ করা হয় পোস্টে।
এদিকে মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। একই সঙ্গে নির্বাচনে ঐতিহাসিক পরাজয়ের পর টিএমসি বর্তমানে দলীয় কোন্দল ও তীব্র রাজনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর, বোমা হামলা এবং পাল্টাপাল্টি সহিংসতার ঘটনা ঘটেছে। এ নিয়ে বিজেপি ও তৃণমূল উভয় দলই একে অপরকে দোষারোপ করছে।
সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে ৬ মে। ওইদিন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। ওই ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায় রাজ্যটিতে।
দৈএনকে/জে, আ