ঈদযাত্রায় আজ বিক্রি হচ্ছে ২৪ মের ট্রেনের অগ্রিম টিকিট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা ঘিরে বাড়ছে টিকিটের চাপ। আজ বিক্রি হচ্ছে ২৪ মে’র ট্রেনের অগ্রিম টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।
ঈদুল আজহা ২৮ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ মে) ঈদযাত্রার দ্বিতীয় দিনের অর্থাৎ ২৪ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।
সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এর আগে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে। এছাড়া ২৫ মে’র টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে।
রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী অগ্রিম যাত্রার জন্য সর্বোচ্চ একবারে চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।
এছাড়া যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য নয়।
এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।