ইনুর মামলায় যুক্তিতর্ক শেষ, রায়ের অপেক্ষা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এর ফলে যে কোনো সময় মামলার রায় ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে শেষ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এ মামলার অন্যতম অভিযুক্ত।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ থেকে ৭ জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলায় মোট ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশনের দাবি অনুযায়ী, ওই সময়ের আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উসকানি ও প্ররোচনা দেন ইনু। তার প্ররোচনায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়িত হয় বলে রাষ্ট্রপক্ষের যুক্তি।
এছাড়া, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের একজন শীর্ষ নেতা হিসেবে ইনুর ওপর ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বর্তায় বলেও দাবি করেছে প্রসিকিউশন।
এর আগে গত বছরের ১ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে সুনির্দিষ্ট আটটি অভিযোগ দাখিলের পর শুনানি শেষে আদালত তা আমলে নেন।
২০২৪ সালের ২৬ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।