বাংলাদেশকে পোলিও ভ্যাকসিন অনুদান দিল চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক

বাংলাদেশের টিকাদান কর্মসূচিকে আরও শক্তিশালী করতে সহযোগী হিসেবে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ WHO অনুমোদিত পোলিও ভ্যাকসিন (Sabin Strain) অনুদান হিসেবে দিয়েছে।
বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে Poliomyelitis Vaccine (Vero Cell, Inactivated Sabin strains) (sIPV) ভ্যাকসিনের ৩ লাখ ৮০ হাজার ডোজ গ্রহণ করেন। এটি মোট ৭৬ হাজার ভায়ালের সমান।
অনুষ্ঠানে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুদান দেশের ইপিআই (Expanded Programme on Immunization) কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।