বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশুদের টিকা অটিজমের কারণ, এখনো বিশ্বাস করেন প্রতি ছয়জনে একজন মার্কিন Misconceptions About Vaccines and Autism Persist Among US Adults ডেঙ্গুতে এ বছর মৃত্যু ৫২৭, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৭৮ হাজার ৩০ পেরোলেই কি নারীর সন্তান ধারণের ক্ষমতা কমে যায়? ‘সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে’, পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকি নিয়ে প্রতিমন্ত্রী যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলা, আনারকন্যা ডরিন রিমান্ডে সিঙ্গাপুরে বিমানবালার শ্লীলতাহানি, বাংলাদেশি তরুণের কারাদণ্ড গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ‘যত্ন নিতে না পারলেও প্রাণীর ক্ষতি করা থেকে বিরত থাকুন’: তারেক রহমান ‘ঢাকা দখলের হুমকি সহ্য করবে না বাংলাদেশের মানুষ’: রিজভী
  • জীবনসঙ্গী নির্বাচনে যে চার বিষয় বিবেচনায় রাখা জরুরি

    জীবনসঙ্গী নির্বাচনে যে চার বিষয় বিবেচনায় রাখা জরুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে শুধু বাহ্যিক সৌন্দর্য কিংবা তাৎক্ষণিক ভালো লাগাকে প্রাধান্য দেওয়া উচিত নয়। বরং তাঁর দয়া, সহমর্মিতা, ব্যক্তিত্ব, জীবনবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনার মতো বিষয়গুলোও বিবেচনায় রাখা জরুরি। ইসলামের দৃষ্টিতে ধর্মীয় মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি আরও কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন।

    মুসলমানদের কাছে আদর্শ স্বামীর সর্বোত্তম উদাহরণ মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি ছিলেন স্নেহশীল, দয়ালু, বিনয়ী, সহানুভূতিশীল, বিশ্বস্ত ও উদার। তাঁর জীবন ও কর্মের প্রতিটি ক্ষেত্রে রয়েছে অনুসরণীয় আদর্শ। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে মুসলিম নারীদের জন্য তাঁর চরিত্র ও আদর্শ গুরুত্বপূর্ণ মানদণ্ড হতে পারে।

    অন্যদিকে, আদর্শ স্ত্রী নির্বাচনের বিষয়ে মুসলিম পুরুষদের জন্যও রয়েছে নবীজির (সা.) সুস্পষ্ট নির্দেশনা। তিনি বলেছেন, ‘চারটি বিষয় দেখে কোনো নারীকে বিয়ে করা হয়। তার সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য ও দ্বীনদারি। তবে তুমি দ্বীনদার নারীকে বিয়ে করো, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হবে।’ (সহিহ বুখারি)

    নবীজির (সা.) আদর্শ ও নির্দেশনা অনুসরণের পাশাপাশি সম্ভাব্য জীবনসঙ্গীর কিছু বৈশিষ্ট্য বিবেচনায় রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে চারটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

    ১. দয়া ও সহমর্মিতা

    প্রথম দেখায় কারও প্রতি শারীরিক আকর্ষণ তৈরি হতে পারে। তবে এই আকর্ষণকেই ভালোবাসা মনে করা ঠিক নয়।

    ভালোবাসা দুজনের প্রচেষ্টা, আন্তরিকতা ও পারস্পরিক যত্নের মধ্য দিয়ে গড়ে ওঠে। একে অপরের প্রতি দয়া, সহযোগিতা এবং ভালো রাখার মানসিকতা সম্পর্ককে গভীর ও স্থায়ী করে। অন্যদিকে, শারীরিক আকর্ষণ মূলত বাহ্যিক বিষয়, যা সময়ের সঙ্গে বদলে যেতে পারে।

    তাই জীবনসঙ্গী নির্বাচনের সময় তাঁর মধ্যে অন্যের প্রতি সহমর্মিতা, যত্নশীলতা ও আন্তরিকতার মতো গুণ রয়েছে কি না, তা খেয়াল করা জরুরি।

    ২. জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যে মিল

    জীবনসঙ্গী নির্বাচনের আগে নিজের লক্ষ্য ও প্রত্যাশা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এরপর সম্ভাব্য সঙ্গীর জীবনদর্শন, মূল্যবোধ, স্বপ্ন ও আকাঙ্ক্ষার সঙ্গে নিজের মিল কতটুকু, তা বিবেচনা করতে হবে।

    দাম্পত্য জীবনে দুজনের চলার পথ ও ভবিষ্যৎ পরিকল্পনায় সামঞ্জস্য থাকা গুরুত্বপূর্ণ। একজনের লক্ষ্য যদি অন্যজনের আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত হয়, তাহলে দয়া ও উদারতার মতো গুণ থাকা সত্ত্বেও একসঙ্গে জীবনযাপন কঠিন হয়ে উঠতে পারে।

    কেউ হয়তো বলতে পারেন, তাঁর নিজের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই; জীবনসঙ্গীর ইচ্ছা অনুযায়ী যেকোনো পথে চলতে তিনি প্রস্তুত। তবে এ ধরনের মনোভাবের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। নিজের জীবন সম্পর্কে সচেতনতা ও সুস্পষ্ট দিকনির্দেশনা না থাকলে ভবিষ্যতে নানা জটিলতা তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদি সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তির নিজস্ব জীবনবোধ ও লক্ষ্য সম্পর্কে ধারণা থাকা জরুরি।

    অনেক সময় বিয়ের পর দম্পতিরা উপলব্ধি করেন, তাঁদের জীবনের লক্ষ্য ও প্রত্যাশার মধ্যে বড় ধরনের অমিল রয়েছে। শুরুর দিকের মুগ্ধতা কেটে গেলে এই পার্থক্য আরও স্পষ্ট হয়। তাই বিয়ের আগেই ভবিষ্যৎ পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা প্রয়োজন।

    ৩. ব্যক্তির সামগ্রিক বৈশিষ্ট্য বিবেচনা করুন

    একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার আগে তাঁর ভালো ও মন্দ—দুই দিক সম্পর্কেই ধারণা থাকা দরকার। পছন্দের মানুষের মধ্যে অনেক ইতিবাচক গুণ থাকতে পারে, পাশাপাশি এমন কিছু বৈশিষ্ট্যও থাকতে পারে, যা আপনার অপছন্দ।

    বিয়ের ক্ষেত্রে অনেকেই জীবনসঙ্গীকে নিয়ে অবাস্তব প্রত্যাশা করেন। তাঁরা মনে করেন, সঙ্গীর মধ্যে শুধু ভালো গুণই থাকবে; কোনো সীমাবদ্ধতা থাকবে না। এ ধরনের প্রত্যাশা পরবর্তী সময়ে দাম্পত্য জীবনে হতাশা ও দূরত্ব তৈরি করতে পারে।

    মনে রাখতে হবে, কোনো মানুষই নিখুঁত নন। একজন ভালো জীবনসঙ্গীরও কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। বিয়ের আগে বিষয়টি উপলব্ধি করতে পারলে পরবর্তী সময়ে অপ্রত্যাশিত পরিস্থিতি সামাল দেওয়া সহজ হয়। পাশাপাশি দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও গড়ে ওঠে। একটি সম্পর্কে সবকিছু নিজের প্রত্যাশামতো পাওয়া সম্ভব নয়।

    ৪. বাহ্যিক সৌন্দর্য ও শারীরিক আকর্ষণ

    জীবনসঙ্গী নির্বাচনে বাহ্যিক সৌন্দর্য ও শারীরিক আকর্ষণের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন। তবে সৌন্দর্যের ধারণা সবার কাছে এক রকম নয়। আপনার কাছে যাঁকে আকর্ষণীয় মনে হয়, অন্যের কাছে তাঁকে একই রকম মনে নাও হতে পারে।

    জীবনসঙ্গীর বাহ্যিক অবয়ব আপনার ভালো লাগা জরুরি। তাঁকে প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডে নিখুঁত হতে হবে, এমন নয়; তবে তাঁর প্রতি আপনার স্বাভাবিক শারীরিক আকর্ষণ থাকা প্রয়োজন।

    তবে শুধু সৌন্দর্যের ওপর ভিত্তি করে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সম্পর্কের স্থায়িত্বের জন্য পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা, আন্তরিকতা ও যত্নশীলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শারীরিক আকর্ষণ দাম্পত্য জীবনের একটি অংশ হলেও সেটিকে সম্পর্কের প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত নয়।

    সফল সম্পর্ক গড়ে তুলতে নিজের ও অন্যের সীমাবদ্ধতা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। আমরা সবাই আল্লাহর সৃষ্টি। প্রত্যেকেরই কিছু না কিছু ত্রুটি ও সীমাবদ্ধতা রয়েছে। কেউই সম্পূর্ণ নিখুঁত নন।

    তাই নিখুঁত জীবনসঙ্গীর প্রত্যাশা না করে একজন ভালো মানুষকে তাঁর গুণ ও সীমাবদ্ধতাসহ গ্রহণ করার মানসিকতা গড়ে তোলা প্রয়োজন। নিজের মধ্যেই যখন পূর্ণতা নেই, তখন অন্যের অপূর্ণতাকেও মেনে নিতে শিখতে হবে। কারণ, নিজের সম্পর্কে অতিরিক্ত উচ্চ ধারণা অনেক সময় অন্যের কাছেও অযৌক্তিক প্রত্যাশা তৈরি করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন