রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj

ধানমন্ডিতে গ্যাস লাইনের আগুনে প্রাণ গেল মা ও দেড় বছরের শিশুর

ধানমন্ডিতে গ্যাস লাইনের আগুনে প্রাণ গেল মা ও দেড় বছরের শিশুর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে মা ও তাঁর দেড় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মারা যাওয়া দুজন হলেন সাবা (৩০) ও তাঁর দেড় বছর বয়সী ছেলে আর এস রেহমান। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাবার মৃত্যু হয়। আর শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যায় শিশুটি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একই পরিবারের তিনজনসহ দুই পরিবারের মোট পাঁচজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হয়। তাঁর ছেলে আর এস রেহমানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। পাশাপাশি শিশুটির শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দগ্ধ অন্য তিনজন হলেন সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাঁদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়েছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন