বিমান খাতের উন্নয়নে বাংলাদেশকে সহায়তা দেবে আইকাও

বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে কানাডার মন্ট্রিলে আইকাও অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত স্থায়িত্ব এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
আইকাও মহাসচিব জানান, বৈশ্বিক বিমান পরিবহন খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী ২৫ বছরে প্রায় ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে। এ লক্ষ্য পূরণে বিমানবন্দরের অবকাঠামো ও বিমান পরিবহনসেবার উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ এবং বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে আইকাওয়ের সঙ্গে দেশের সম্পৃক্ততা আরও বাড়ানোর আহ্বান জানান মহাসচিব। পরিবেশগত স্থায়িত্ব এবং অ্যাডভান্সড এয়ার মোবিলিটির মতো নতুন প্রযুক্তির ক্ষেত্রেও বাংলাদেশের কাজ করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বৈঠকে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আইকাওয়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দেশে আধুনিক, নিরাপদ ও টেকসই বিমান পরিবহন খাত গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে আইকাওয়ের সহযোগিতা চান মন্ত্রী। বিশেষ করে কারিগরি দক্ষতা উন্নয়ন, বিমান চলাচলের নিরাপত্তা তদারকি, পরিদর্শকদের প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংস্থাটির সহায়তা কামনা করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিমান পরিবহন খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেন। এ খাতের অগ্রগতিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রাতিষ্ঠানিক সমর্থন দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশের বিমান পরিবহন খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে কারিগরি সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ।
বৈঠকে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।