স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী: তারেক রহমান

বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২১ নভেম্বর দেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাণীতে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।
তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ওই অভিযানে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা পায়। দিনটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ১৯৭১ সালের রণাঙ্গনে এই বাহিনীর সদস্যদের সাহসী ভূমিকা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তাঁরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছেন।
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাহিনীর সদস্যদের অংশগ্রহণ বিশ্ব অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে সশস্ত্র বাহিনীর ভূমিকা তাদের জনগণের আস্থার প্রতীকে পরিণত করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। বাহিনীর সদস্যদের সুশিক্ষিত ও পেশাদার করে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান ছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল। উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ করে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
তারেক রহমান আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সশস্ত্র বাহিনী সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য বাহিনীর সদস্যরা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন। শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশের জন্য গৌরবের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠ—সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার জন্য প্রাণ দেওয়া সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
একই সঙ্গে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি। বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণও কামনা করেন প্রধানমন্ত্রী।