২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে: প্রতিমন্ত্রী

২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ সময়ের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করাই সরকারের পরিকল্পনা।
তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে এ ধরনের আরও প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহজ হবে।
প্রকল্পের কাজের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাস্তবায়নের ক্ষেত্রে গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।