মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিপ বাম ব্যবহারে ঠোঁটের শুষ্কতা বাড়ছে কি না বুঝবেন যেভাবে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’ অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২ তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু
  • ২১ নভেম্বরের সিলেট লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য

    ২১ নভেম্বরের সিলেট লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত করা হয়েছে। সড়কের বেহাল অবস্থা, বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতা এবং জনদুর্ভোগের আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

    তিনি বলেন, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে ইতোমধ্যে তিনটি ব্যাপক জনঅংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ঘোষিত সাত দফা দাবির প্রতিও দেশজুড়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এসব কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ সরকারের প্রতি জনমনে অসন্তোষ ও অনাস্থার বহিঃপ্রকাশ।

    গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের দেওয়া রায় কার্যকর করা সরকারের রাজনৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। কিন্তু গণভোটের ফল বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ গঠনে সরকার কার্যকর উদ্যোগ নেয়নি। বরং অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া সংস্কার উদ্যোগগুলো বাতিল করে সরকার সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে। জনগণের রায় উপেক্ষা করে দেশকে নতুন করে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার পরিণতি ভালো হবে না।

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, একের পর এক বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলেও সরকার অপরাধ দমনে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। মানুষের জানমালের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে জাতীয় সংসদে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে। পাশাপাশি অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

    জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, কেবল বক্তব্য দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য অভিন্ন নীতি, অঙ্গীকার ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। গণভোটের রায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, মানুষের জানমালের নিরাপত্তা, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদী প্রবণতা প্রতিরোধকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে নিতে হবে। সরকার এসব বিষয়ে আন্তরিক উদ্যোগ নিলে বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত ১১ দলীয় ঐক্য।

    সিলেট অভিমুখে লংমার্চ স্থগিতের কারণ ব্যাখ্যা করে হামিদুর রহমান আযাদ বলেন, প্রথমে সড়কপথে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে ট্রেনযোগে লংমার্চ করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। তবে রেলপথের সংযোগ, ট্রেনের সময়সূচি, বিভিন্ন স্থানে বক্তব্য দেওয়ার জন্য ট্রেন থামানো এবং একক রেললাইনের সীমাবদ্ধতা পর্যালোচনা করে দেখা যায়, এতে অংশগ্রহণকারীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হতে পারে।

    জনস্বার্থ ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনা করেই আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, লংমার্চ স্থগিত হলেও সাত দফা দাবি আদায়ের আন্দোলন থেকে একচুলও পিছিয়ে আসবে না ১১ দলীয় ঐক্য।

    তিনি আরও বলেন, গণভোটের রায় নিয়ে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ নেই। জনগণের রায় উপেক্ষা করে সংস্কার পরিষদ গঠন না করে কেবল সংশোধনের পথে এগোলে চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের সমাধান হবে না। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় যথাযথভাবে কার্যকর করতে হবে। এ লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবে ১১ দলীয় ঐক্য।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোটের সমন্বয়ক বলেন, ১১ দলীয় ঐক্যের মধ্যে কোনো ভাঙন বা বিভেদ নেই। জোটের ঐক্য অটুট ও সুদৃঢ় রয়েছে। ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে সরকারকে কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে।

    সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈমসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন