ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রীকে সেনাবাহিনী থেকে বরখাস্ত

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে তাদের সামরিক চাকরির অবসান ঘটবে।
গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে তাদের বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশে অবসরের কথা উল্লেখ থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি হতে বরখাস্ত’ লেখা হয়েছে।
সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এ আদেশ দেওয়া হয়েছে। আইনটির ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শালের প্রক্রিয়া ছাড়াও সরকার কোনো সেনাসদস্যকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।
ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। তার অবসরসংক্রান্ত আদেশে বলা হয়েছে, বাংলাদেশ আর্মি অ্যাক্টের ১৬ ধারা, আর্মি অ্যাক্ট রুলসের ৯(এ) এবং আর্মি রেগুলেশনের ৭৮(সি), ২৫৩(এ), ২৬১ ও ২৬৯(এ) বিধি অনুসারে সেনাসদরের এমএন্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের আদেশেও একইভাবে সেনা আইনের ১৬ ধারা ও সংশ্লিষ্ট বিধিমালার উল্লেখ রয়েছে। তিনি ঢাকা সেনানিবাসে সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন। আদেশ অনুযায়ী, তাকেও সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।