সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম

হিজবুল্লাহর ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে আইডিএফ: ইসরায়েল

হিজবুল্লাহর ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে আইডিএফ: ইসরায়েল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ সামরিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের যৌথ বিবৃতিতে জানানো হয়, ধ্বংস হওয়া স্থাপনাটি প্রায় ৬৫৬ ফুট দীর্ঘ একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ, যা লেবাননের মাজদাল জৌন এলাকায় অবস্থিত।

বিবৃতিতে দাবি করা হয়, এই সুড়ঙ্গটি হিজবুল্লাহর সামরিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো এবং সেখানে অস্ত্র মজুত রাখা ছিল। অভিযানের সময় সুড়ঙ্গ থেকে শত শত আগ্নেয়াস্ত্র ও রকেট লঞ্চার জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার ও লেবানিজ সেনা মোতায়েনের বিষয় থাকলেও নির্দিষ্ট কিছু এলাকায় সাময়িক ইসরায়েলি উপস্থিতির কথাও উল্লেখ ছিল।

এই ঘটনার পরপরই হিজবুল্লাহ এক বিবৃতিতে ইসরায়েলি অভিযানের তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধবিরতি চুক্তির “প্রকাশ্য লঙ্ঘন” বলে অভিহিত করেছে।

হিজবুল্লাহর বর্তমান শীর্ষ নেতা নাইম কাসেম বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে এবং তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।


সূত্র : রয়টার্স
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন