আগামী ২০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ফল: শিক্ষামন্ত্রী

আগামী ২০ জুলাই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে প্রশ্নফাঁস দেশের শিক্ষাব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই চক্র ভাঙতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করছে।
তিনি আরও জানান, পরীক্ষার খাতা র্যান্ডমভাবে পরীক্ষা করে দেখা হবে, যাতে কেউ কম বা বেশি নম্বর দিয়ে অনিয়ম করতে না পারে।
শিক্ষামন্ত্রী দাবি করেন, প্রশ্নফাঁস ঠেকাতে তিনি নিজেও বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসে (বিজি প্রেস) গিয়ে নিরাপত্তা পর্যবেক্ষণ করেছেন এবং সার্বিক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
‘নকল’ শব্দটি অতীতের বিষয় হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এখন নকল হচ্ছে ডিজিটাল মাধ্যমে, যা প্রতিরোধে নতুন কৌশল গ্রহণ করতে হবে।
এছাড়া উচ্চশিক্ষা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, দেশে অতিরিক্ত অনার্স কলেজ খোলার প্রবণতা নিয়ে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলেও মত দেন শিক্ষামন্ত্রী।