পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে মিছিলে অস্ত্রসদৃশ বিভিন্ন সামগ্রী বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মহররম ১৪৪৮ হিজরি, অর্থাৎ ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দে পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, কিছু ব্যক্তি মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি এবং অন্যান্য অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেন, যা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে।
ডিএমপির মতে, এ ধরনের সামগ্রী বহন জনমনে আতঙ্ক ও ভীতির সঞ্চার করে এবং জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তাজিয়া মিছিল চলাকালে এসব সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর প্রবণতার কথাও উল্লেখ করেছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কার্যক্রম ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। ফলে রাজধানীতে তাজিয়া মিছিল চলাকালে আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনা তাজিয়া মিছিল শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশ নগরবাসীকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে আশুরা পালন করতে সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।