কে হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী?

ব্রিটিশ রাজনীতিতে শুরু হয়েছে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ক্ষমতাসীন লেবার পার্টিতে শুরু হয়েছে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা। গ্রীষ্মকালীন অবকাশ শেষে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
বিবিসির এক প্রতিবেদনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দলীয় জনপ্রিয়তার কারণে তাকে নেতৃত্ব দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। তার পাশাপাশি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারসহ আরও কয়েকজনের নামও আলোচনায় রয়েছে।
অ্যান্ডি বার্নহাম দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। লেবার এমপিদের মধ্যেও তিনি ব্যাপক জনপ্রিয় বলে মনে করা হয়। তবে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামতে হলে তাকে অন্তত ৮১ জন এমপির সমর্থন নিশ্চিত করতে হবে।
অন্যদিকে ওয়েস স্ট্রিটিং ২০২৪ সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এনএইচএসের দীর্ঘ অপেক্ষার তালিকা কমাতে তার ভূমিকা আলোচিত হলেও দলের ভেতরে তার অবস্থান নিয়ে ভিন্নমত রয়েছে।
অ্যাঞ্জেলা রায়নার, যিনি একসময় যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ছিলেন, শ্রমজীবী পটভূমি থেকে উঠে আসা একজন প্রভাবশালী রাজনীতিক হিসেবে পরিচিত। তবে কর সংক্রান্ত বিতর্কের পর তিনি পদত্যাগ করেন, যা তার নেতৃত্বের সম্ভাবনাকে কিছুটা অনিশ্চিত করেছে।
এছাড়া সাবেক জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আল কার্নসের নামও আলোচনায় থাকলেও তারা কেউ কেউ সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নাকচ করেছেন বা বিতর্কের মুখে রয়েছেন।
লেবার পার্টির অভ্যন্তরে এখন মূল প্রশ্ন—কে নেবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব, আর কার নেতৃত্বে এগোবে দলটি নতুন রাজনৈতিক অধ্যায়ে।
সূত্র: বিবিসি