যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো। সোমবার (২২ জুন) শেষ হওয়া এ বৈঠকে একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির দিকে এগোনোর ইঙ্গিত পাওয়া গেছে।
কাতার ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দেশ আগামী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে সম্মত হয়েছে। একই সঙ্গে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে কারিগরি পর্যায়ের আলোচনা চলমান থাকবে বলেও জানানো হয়।
আলোচনার শুরুতে উত্তেজনা থাকলেও পরে উভয় পক্ষ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার বিষয়ে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সম্মত হয়। লেবাননে সংঘাত কমানো নিয়েও সমঝোতার কথা উঠে আসে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের এই আলোচনা শুরু হয়, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অংশ নেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ অর্থ ফেরত এবং পুনর্গঠন পরিকল্পনা নিয়ে অগ্রগতি হয়েছে। তবে মার্কিন পক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আলোচনায় হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, পরমাণু কর্মসূচি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ একাধিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মধ্যস্থতাকারীরা বলছেন, পরবর্তী ধাপে কারিগরি আলোচনা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।