সন্তান লালনে মুসলিম বাবাদের জন্য যে তিন নবী শ্রেষ্ঠ উদাহরণ

একটি শিশুর সুস্থ মানসিক, নৈতিক ও শারীরিক বিকাশে বাবার ভূমিকা অপরিসীম। শুধু পরিবারের উপার্জনকারী হিসেবে নয়, একজন বাবা সন্তানের পথপ্রদর্শক, বন্ধু, শিক্ষক ও অনুপ্রেরণার উৎস। পবিত্র কোরআনে এমন কয়েকজন আদর্শ বাবার কথা উল্লেখ রয়েছে, যাদের জীবন থেকে প্রতিটি অভিভাবক মূল্যবান শিক্ষা নিতে পারেন।
১. সন্তানের মতামতকে গুরুত্ব দেওয়া ও তার জন্য দোয়া করা
হজরত ইব্রাহিম (আ.) ছিলেন এমন একজন বাবা, যিনি সন্তানের মতামতকে অত্যন্ত গুরুত্ব দিতেন। আল্লাহর নির্দেশে প্রিয় সন্তানকে কোরবানি করার স্বপ্ন দেখার পর তিনি একতরফা সিদ্ধান্ত নেননি; বরং সন্তান হজরত ইসমাইল (আ.)-এর মতামত জানতে চেয়েছিলেন।
সূরা আস-সাফফাত (১০২):
“হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে কোরবানি করছি। এখন বলো, এ বিষয়ে তোমার মতামত কী?”
এই ঘটনা বাবা-সন্তানের পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার এক অনন্য উদাহরণ।
এছাড়া হজরত ইব্রাহিম (আ.) সবসময় সন্তানের কল্যাণের জন্য দোয়া করতেন।
সূরা ইব্রাহিম (৪০):
“হে আমার প্রতিপালক, আমাকে ও আমার সন্তানদের নামাজ কায়েমকারী বানান।”
এ থেকে শিক্ষা পাওয়া যায়, সন্তানের সফলতা ও সৎ জীবন গঠনে বাবা-মায়ের আন্তরিক দোয়ার গুরুত্ব কতটা।
২. সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা
হজরত ইয়াকুব (আ.) ও তার পুত্র হজরত ইউসুফ (আ.)-এর সম্পর্ক ছিল গভীর বিশ্বাস ও ভালোবাসার ওপর প্রতিষ্ঠিত।
একদিন ছোট্ট ইউসুফ (আ.) তার একটি বিশেষ স্বপ্নের কথা বাবাকে খুলে বলেন।
সূরা ইউসুফ (৪):
“হে আমার বাবা, আমি স্বপ্নে এগারোটি নক্ষত্র, সূর্য ও চাঁদকে দেখেছি; তারা সবাই আমাকে সেজদা করছে।”
এই ঘটনা প্রমাণ করে, সন্তান যেন নির্ভয়ে নিজের অনুভূতি ও চিন্তা বাবার সঙ্গে ভাগ করে নিতে পারে—এমন সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হজরত ইয়াকুব (আ.) ধৈর্যের সঙ্গে ছেলের কথা শুনেছিলেন এবং প্রজ্ঞার সঙ্গে পরামর্শ দিয়েছিলেন।
৩. ভালোবাসা প্রকাশে কার্পণ্য না করা
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন আদর্শ বাবা। তিনি কন্যা হজরত ফাতিমা (রা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও সম্মান প্রকাশ করতেন।
হাদিসে বর্ণিত আছে, ফাতিমা (রা.) যখন রাসূল (সা.)-এর কাছে আসতেন, তিনি দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাতেন, হাত চুম্বন করতেন এবং নিজের আসনে বসাতেন।
এই আচরণ আমাদের শেখায়, সন্তানের প্রতি ভালোবাসা শুধু মনে রাখলেই যথেষ্ট নয়; তা আচরণ ও কর্মের মাধ্যমেও প্রকাশ করা প্রয়োজন।
৪. নৈতিকতা ও প্রজ্ঞার শিক্ষা দেওয়া
হজরত লোকমান (আ.) তার সন্তানকে নৈতিকতা, সততা ও জবাবদিহিতার শিক্ষা দিয়েছিলেন।
সূরা লোকমান (১৬):
“হে আমার প্রিয় ছেলে, কোনো কাজ যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা পাথরের ভেতরে কিংবা আসমান-জমিনের যেকোনো স্থানে লুকানো থাকে, আল্লাহ তা প্রকাশ করবেন।”
তিনি সন্তানকে অহংকার পরিহার করে বিনয়ী জীবনযাপনেরও শিক্ষা দিয়েছিলেন।
সূরা লোকমান (১৮):
“তুমি মানুষের কাছ থেকে অহংকারবশত মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে দম্ভভরে চলাফেরা করো না।”
এ শিক্ষাগুলো আজও সন্তানদের সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে অত্যন্ত প্রাসঙ্গিক।
কোরআনে বর্ণিত এসব মহান ব্যক্তিত্বের জীবন আমাদের শেখায়, একজন বাবার দায়িত্ব কেবল পরিবার পরিচালনা বা অর্থ উপার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তার মতামতকে মূল্য দেওয়া, ভালোবাসা প্রকাশ করা এবং নৈতিক শিক্ষায় গড়ে তোলাই একজন আদর্শ বাবার প্রকৃত পরিচয়।
বিশ্ব বাবা দিবসে প্রতিটি বাবার জন্য এ শিক্ষাগুলো হতে পারে পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের অনন্য দিকনির্দেশনা।