বেলারুশে সামরিক হামলার ইঙ্গিত জেলেনস্কির

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়াল পূর্ব ইউরোপে। এবার রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশকে সরাসরি হামলার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার (১৯ জুন) কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশের ভূখণ্ডে থাকা কিছু সামরিক ও যোগাযোগ সরঞ্জাম এক সপ্তাহের মধ্যে সরিয়ে না নেওয়া হলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলেনস্কির ভাষায়, “বেলারুশের প্রেসিডেন্ট চাইলে এগুলো সরিয়ে নিতে পারেন। এজন্য এক সপ্তাহ যথেষ্ট সময়। যদি তা না করা হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”
সম্প্রতি মস্কোতে ইউক্রেনের অন্যতম বড় হামলার পরই এই হুঁশিয়ারি আরও গুরুত্ব পাচ্ছে। এর আগে বেলারুশ থেকে আসা একটি শিশু ফুটবল দলকে বহনকারী বাসে ড্রোন হামলার ঘটনা ঘটে, যা নতুন করে উত্তেজনা বাড়ায়।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করেন, সীমান্ত পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল এবং সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি সতর্ক অবস্থান বজায় রাখার কথা বলেন।
অন্যদিকে, ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে, সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে যা নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।
রাশিয়া ও বেলারুশ অভিযোগ করেছে, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উসকে দিয়ে নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেলারুশ সরাসরি যুদ্ধে না জড়ালেও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে কূটনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
বিশ্লেষকদের মতে, জেলেনস্কির এই হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং পূর্ব ইউরোপে নতুন করে উত্তেজনার ঝুঁকি বাড়াতে পারে।