সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ)।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ জুন) রাত থেকে শনিবার (২০ জুন) সকাল পর্যন্ত নাবাতিয়েহ অঞ্চলের বিভিন্ন স্থানে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে একাধিক হামলা চালানো হয়। এতে আবাসিক ভবন ও বসতবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তবে এ হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এর আগে ইসরায়েল ও হিজবুল্লাহ একটি নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে কার্যকর হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, কয়েক ঘণ্টার তীব্র হামলা-পাল্টা হামলার পর উভয় পক্ষ এই চুক্তিতে পৌঁছায়।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এবং ইরানের সহায়তায় এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়।

তবে যুদ্ধবিরতি কার্যকরের আগে ও পরেও সংঘর্ষ থামেনি। কয়েক মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধে গত বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যেখানে লেবাননসহ সব রণাঙ্গনে সামরিক অভিযান বন্ধের কথা উল্লেখ ছিল।

এরপরও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাওয়ায় এই সমঝোতা কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলা ওয়াশিংটন-তেহরান চুক্তিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ